সিবিআই-কলকাতা পুলিশ সংঘাতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করতে গিয়েও যেভাবে সিবিআই কর্মকর্তাদের কলকাতা পুলিশ বাধা দিয়েছে, হেনস্তা করেছে, তা এর আগে ঘটেনি, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাংবিধানিক কাঠামোই ভেঙে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজনাথ। রাজ্যপালের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলেও সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খবর আনন্দবাজার পত্রিকা
সিবিআই-কে রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবহারের অভিযোগ তুলে গোড়া থেকেই সংসদে সরব ছিলেন তৃণমূল, কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘‘উদ্ভূত এই পরিস্থিতি দুর্ভাগ্যজনক, নজিরবিহীন, অভূতপূর্ব। সাংবিধানিক কাঠামো এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। কেন্দ্রীয় তদন্তকারী ও অন্যান্য সংস্থার কাছেও উদ্বেগজনক। আমি আশা করি সব রাজ্য সরকারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে সাহায্য ও সহযোগিতা করবে।’’ এই সংঘাত চলতে থাকলে সাংবিধানিক কাঠামোই ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনাথ আরও বলেন, ‘‘সিবিআই আধিকারিকরা নিরাপত্তার অভাব বোধ করেন। তাই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়। সিবিআই-এর অফিসে সারাক্ষণ এই বাহিনী মোতায়েন থাকবে। জওয়ানরা পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন এবং আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন।
