গাজা সীমান্তে নতুন বেস্টনী নির্মাণ শুরু করেছে ইসরাইল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

আল জাজিরা

গাজা সীমান্তে নতুন বেস্টনী নির্মাণকাজ শুরু করছে ইসরাইল। বিপুল এই অবকাঠামোর কাজ শুরু হতে যাচ্ছে। রবিবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, এই সপ্তাহেই আমরা এই দেয়াল নির্মাণ শুরু করেছি। নেতানিয়াহু বলেন, এই দেয়ালের উচ্চতা হবে মাটি থেকে ছয় মিটার।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ইসরাইলে অনুপ্রবেশ বন্ধে এই বেড়া নির্মাণ করা হচ্ছে। গাজা থেকে ইসরাইলের ভেতরে ঢোকার জন্য ফিলিস্তিনিদের টানেল নির্মাণ বন্ধে মাটির নিচে ৬৫ কিলোমিটার বেস্টনি তৈরির কাজও ইতোমধ্যে শুরু হয়েছে। জলপথেও ফিলিস্তিনিদের হামলা বন্ধে বেস্টনী নির্মাণ করা হবে। এ বছরই বেস্টনী নির্মাণ কাজ শেষ হবে। নিতানিয়াহু বলেন, এই বেস্টনী হবে বিশাল এবং বিশেষ শক্তিশালী।

গাজার দক্ষিণে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে ঢুকে পড়ায় রবিবার পাঁচ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। ইসরাইল তাদের গ্রেফতারের কথা স্বীকার করেছে। ২০১৪ সালে সাগরপথে ইসরাইলে ঢুকে পড়া চার হামাস যোদ্ধাকে হত্যা করেছিল ইসরাইলি বাহিনী।

অধিকৃত পশ্চিমতীরকে জেরুজালেম থেকে আলাদা করার জন্য কংক্রিটের দেয়াল নির্মাণ করেছে ইসরাইল। মিসর, জর্ডান ও লেবানন সীমান্তেও দেয়াল নির্মাণ করেছে ইসরাইল।