ইত্তেফাক রিপোর্ট
আগামী ৬ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে রিহ্যাব ফেয়ার ২০১৯। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের ফেয়ারে মোট ২০২টি স্টল থাকছে। এবছর ২০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৪ অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। রিহ্যাব ফেয়ার উপলক্ষে গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া। রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর রিহ্যাব ফেয়ার ২০১৯ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরুন্নবী চৌধুরী (শাওন)। অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে। মেলায় দুই ধরনের টিকিট থাকছে। সিঙ্গেল টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা যা দিয়ে দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত অর্থ দুঃস্থদের সাহায্যার্থে ব্যয় করা হবে।
