টুইটার, গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ট্রাম্পের

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০০:৩৯

টেক জায়ান্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল, টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এসব প্রতিষ্ঠানের সেন্সরশিপের শিকার হয়েছেন তিনি। মামলায় কোম্পানি তিনটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের আসামি করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, গত জানুয়ারিতে ক্যাপিটল ভবনে তার সমর্থকদের দাঙ্গার পর বেশিরভাগ প্রভাবশালী সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করে। গতকাল বুধবার এক সাংবাদিক সম্মেলনে মামলা দায়েরের পরিকল্পনাকে ‘বাকস্বাধীনতার এক চমত্কার অগ্রগতি’ বলে মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, একটি প্রযুক্তি কোম্পানি প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে পারলে তারা যে কারও সঙ্গেই এসব করতে পারে।