সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে ভুটানের প্রতি আহ্বান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

ইত্তেফাক রিপোর্ট

ভুটানে যাতায়াতের জন্য বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, এতে উভয় দেশ উপকৃত হবে। বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে অনেক সুফল পাওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম রাবগায়ে-এর সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ভুটানে তৈরি খাবার, তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে। তবে বিপুল পরিমাণ নির্মাণ সামগ্রী আমদানি করে বাংলাদেশ। এ কারণে ভুটানে রপ্তানির চেয়ে বাংলাদেশের আমদানি বেশি। ২০১৭-২০১৮ অর্থবছরে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে ৪.৪ মিলিয়ন ডলার, একই সময়ে আমদানি করেছে ৩২.২৮ মিলিয়ন ডলার মূল্যের পণ্য।