পানি উত্পাদনকারী প্রতিষ্ঠানকে শিল্প ঘোষণার দাবি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

লাইসেন্সবিহীন এবং নিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত বিশেষ অভিযান পরিচালনা করতে বিএসটিআইকে নির্দেশনা দেয়া হবে। শিল্পমন্ত্রী গতকাল পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সমন্বয় কমিটির নেতাদের সাথে আয়োজিত বৈঠকে এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের নেতারা বলেন, লাইসেন্সবিহীন ও এলাকাভিত্তিক অবৈধ দখলদার পানি বিক্রেতাদের কারণে নিম্নমানের পানিতে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। এর ফলে ভোক্তারা প্রতারিত হবার পাশাপাশি প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এ ধরনের অবৈধ পানি ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে তারা বাজারে মানসম্মত ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে নিম্নমানের পলিথিন দিয়ে প্রস্তুতকৃত পিইটি জারের উত্পাদন বন্ধের ওপর গুরুত্ব দেন। পানি উত্পাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেশে দ্রুত বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তারা একে শিল্প হিসেবে ঘোষণারও দাবি জানান।