ফাইনালেও জেসুসকে পাবে না ব্রাজিল

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৯:৫৭

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে চিলিকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুসকে। লাল কার্ডের কারণে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই সেমিফাইনালের পর টুর্নামেন্টের ফাইনালেও জেসুসকে পাবে না ব্রাজিল।

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে, জেসুসকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে সেমিফাইনালে জেসুস ছিলেন না। তার পরিবর্তে মূল একাদশে সুযোগ পান উইঙ্গার এভারটন। আগামী ১১ জুলাই মারাকানায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলতে পারবেন না জেসুস।

Brazil's Gabriel Jesus out of Copa America final due to suspension |  Football News – India TV

চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই এগেনিও মেনাকে ফ্লাইং কিক মারার কারণে লাল কার্ড দেখতে হয়েছিল জেসুসকে। যদিও ম্যাচ শেষে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

নিষেধাজ্ঞার পাশাপাশি কনমেবল জেসুসকে অর্থদণ্ডও দিয়েছে। এই শাস্তির বিপক্ষে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।

দুই বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেরুর বিপক্ষে ব্রাজিলের ৩-১ গোলের জয়ে বড় অবদান ছিল জেসুসের। নিজে একটি গোল করেছিলেন, আরেকটি গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি। কোচ তিতের অধীনে দুই বার লাল কার্ড পেলেন জেসুস।

ইত্তেফাক/টিআর