পিঠের ইনজুরি নিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ফিটনেস টেস্টের পর এই খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এর আগে এই ব্যথার কারণেই ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা হয়নি তার। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে গাপটিলের পরিবর্তে এসেছেন জেমস নিশাম। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে নিউজিল্যান্ডের। তবে, এই সিরিজের আগেই গাপটিল সুস্থ হয়ে উঠবেন বলে জানা গেছে। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা মার্টিনকে পাচ্ছি না। মাত্র পাঁচ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা ওর পক্ষে সম্ভব না। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য, ওকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার সুযোগ নেই।’
