সিলেটেও মোহামেডানের হার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৮

শেখ রাসেল ৩ ঃ ০ মোহামেডান

 স্পোর্টস রিপোর্টার

অনেক আশা-ভরসা নিয়ে রবিবার সকালে ঢাকা হতে ট্রেনে চড়ে সিলেটে গিয়েছিল মোহামেডান। নতুন ভেন্যু। লিগের খেলা প্রথম বার হতে যাচ্ছে। শেখ রাসেলের ভেন্যুতে গিয়ে যদি নতুন পরিবেশে নতুন এবং নতুন আবহাওয়ায় যদি ভাগ্যের চাকা ঘুরে যায়। সিলেটেও মোহামেডানের ভাগ্যের চাকা ঘুরেনি। মোহামেডানের সব আশার গুড়ে পানি ঢেলে দিয়েছে। শেখ রাসেল ৩-০ গোলে মোহামেডানকে হারিয়ে সিলেটের পুণ্যভূমিতে শুরুটা ভালোই করেছে। ময়মনসিংহে আরামবাগের ভেন্যুতে আরামবাগকে ০-১ গোলে হারিয়ে লিগে শুরু করেছিল শেখ রাসেল। ঢাকার মাঠে ব্রাদার্সকে ২-৩ গোলে হারিয়ে জয়টা ধরে রাখল। আর গতকাল সিলেটের মাঠে মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয় জয় পেল শেখ রাসেল। পয়েন্ট টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এখনই। ৯ পয়েন্ট নিয়ে একাধিক দল ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। কোচ সাইফুল বারী টিটুর শেখ রাসেল পিছিয়ে থাকছে না প্রতি ম্যাচেই সেটা জানিয়ে দিচ্ছে।

সিলেটের মাঠে ফ্লাডলাইটের আলোয় উজ্জ্বলতা ছড়িয়েছে শেখ রাসেল। আর মোহামেডানের সাদাকালো খেলোয়াড়রা সেই আলোর আড়ালে, অন্ধকারে ছিটকে পড়ল। মোহামেডান প্রথম খেলায় নোফেলকে হারিয়ে শুরু করেছিল। পরের খেলায় ময়মনসিংহে আরামবাগের বিপক্ষে ৪-১ গোলের হার নিয়ে ঢাকায় ফিরেছিল। হারের জ্বালা না মিটতেই ঢাকায় আবার হার। ব্রাদার্সের ১-০ গোলে হারে মোহামেডান। টানা হারে মোহামেডান যেন ক্রমেই পথ হারাচ্ছে।

কাল সিলেটে শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের ৭ ও ৪১ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ হতে প্রায় ছিটকে যায় মোহামেডান। সংঘবদ্ধ আক্রমণে প্রথম নাইজেরিয়ান রাফায়েল ওদাইন গোল করেন ১-০। মোহামেডান গোলের প্রতিবাদ করেছে। এমিলি, মিঠুনসহ একাধিক ফুটবলার হ্যান্ডবল হয়েছে এমন প্রতিবাদে সাইড লাইন হতে মাঠের ভেতরে গিয়ে রেফারি সহকারী রেফারিদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। খুব বেশি সময় যায়নি। গোলটা মেনে নিয়ে কোণঠাসা মোহামেডান ৪১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। কর্নারের বল রাফায়েলের হেড সাইড পোস্টে লেগে ফিরে আসলে আরেক নাইজেরিয়ান উদুকা আলীসন বুলেটের মতো ভলি করে গোল করেন ২-০। 

৮১ মিনিটে মোহামেডান ডিফেন্ডার লব ফেলেন শেখ রাসেলের উজবেক ফুটবলার আজীজভ আলীসেরের পায়ে। তিনি বল নিয়ে ওয়ান টাচ টু টাচ করে ডজ দিয়ে গোল করেন আজীজভ অলীসের ৩-০।  আজ ও কাল খেলা নেই।

পয়েন্ট টেবিল

                              খেলা   জয়     ড্র       হার      গোল       পয়েন্ট

বসুন্ধরা কিংস            ৩       ৩        ০       ০         ৬/০        ৯

আরামবাগ                 ৪       ৩        ০       ১         ৭/২        ৯

আবাহনী                   ৪       ৩        ০       ১         ৯/৫        ৯

শেখ রাসেল              ৩       ৩        ০       ০         ৭/২        ৯

সাইফ স্পোর্টিং           ৪       ৩        ০       ১         ৫/৩       ৯

মুক্তিযোদ্ধা                ৪       ২        ০       ২         ৫/৩       ৬

চট্টগ্রাম আবাহনী         ৩       ১        ২        ০         ২/১        ৫

শেখ জামাল              ৪       ১        ১        ২         ৪/৬        ৪

ব্রাদার্স ইউনিয়ন         ৩       ১        ০       ২         ৪/৫       ৩

মোহামেডান              ৪       ১        ০       ৩         ৩/৯        ৩

রহমতগঞ্জ                  ৪       ০        ২        ২         ৫/১০     ২

বিজেএমসি               ৩       ০        ১        ২         ১/৩        ১

নোফেল কাব             ৩       ০        ০       ৩         ১/৬        ০