গার্দিওলা
অ্যাগুয়েরোর
হ্যাটট্রিক
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে তার দল শিরোপা রক্ষার লড়াইয়ে ফিরে এসেছে। যদিও তার শঙ্কা ছিল নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে তাদের আশা শেষ হয়ে গিয়েছিল।
সার্জিও অ্যাগুয়েরোর হ্যাটট্রিকে সহজ জয় পায় সিটি। তাদের পড়শী ম্যানচেস্টার ইউনাইটেডও গত রবিবার জয়ে ফিরেছে। ইউনাইটেড ১-০ গোলে লেস্টার সিটিকে হারায়। এদিকে শীর্ষে থাকা লিভারপুল গত রাতে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জিতে থাকলে শিরোপাধারীদের সঙ্গে ব্যবধান আগের মতোই পাঁচ পয়েন্টে থাকবে। এর অন্যথা হলে দুদলের ব্যবধান দুই পয়েন্টে কমে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইকে আরও জমজমাট করে তুলবে।
সিটি ২৫ খেলা শেষে ৫৯ পয়েন্টে আছে। লিভারপুলও আগের খেলায় লেস্টারের সঙ্গে ড্র করে পয়েন্ট খুইয়েছিল। এ কারণে ব্যবধান বেশি বাড়েনি।
কোচ গার্দিওলা আর্সেনালকে হারানোর পর শিরোপা লড়াই প্রসঙ্গে কথা বলেন। স্প্যানিশ কোচের মতে, ‘নিউক্যাসলের খেলাটির পর সবাই বুঝতে পারছিল, এমনকি আমিসহ যে লিভারপুল লেস্টারকে হারাতে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যবধান হতে যাচ্ছে সাত পয়েন্টের এবং এটা প্রায় শেষ।’
গার্দিওলা আরও বলেন, ‘এখন আমরা দুুই পয়েন্টের মধ্যে আছি। সে জন্য আমাদের এখন পয়েন্ট টেবিলের দিকে বেশি তাকানোর দরকার নেই। আমি এটা অস্বীকার করতে পারব না যে আমরা চাই ওয়েস্ট হ্যাম লিভারপুলকে হারাক। আবার লিভারপুল ও আর্সেনাল আমাদের হারাক এমনটাই চাইত।’
শিরোপাধারী সিটি আগামী বুধবার নবম স্থানে থাকা এভার্টনের বিরুদ্ধে খেলবে। গার্দিওলা ভালো করেই জানেন জয় অব্যাহত রাখা কতটা দরকার। কারণ তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার সিটির দুই পয়েন্ট পেছনেই আছে।
এ প্রসঙ্গে স্পানিশ কোচটি বলেন, ‘আরেকটা বড় সপ্তাহ আসছে। আমরা এখন বিশ্রাম নেব এবং প্রস্তুত হব গুডিসনের (এভার্টনের) জন্য। আমাদের জিততেই হবে। টটেনহ্যাম দুর্দান্ত মানসিকতা দেখিয়েছে। তারা লড়াই করে যাচ্ছে। অনেক কিছুই ঘটতে পারে।’
এদিকে স্ট্রাইকার অ্যাগুয়েরো জানান দিয়েছেন গার্দিওলা ইউরোপীয় ফুটবলের সেরা মিডফিল্ড সাজালেও তার পায়ের মতো কারুকাজ না থাকলে তা বৃথা। হ্যাটট্রিকটির সুবাদে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ২০টি গোল করেছেন অ্যাগুয়েরো। ৩০ বছর বয়সী এই আর্জেন্টাইন সবকটি গোলই করেন একেবারে কাছে থেকে।
অ্যাগুয়েরোকে নিয়ে গার্দিওলা বলেন, ‘সে জন্মেছেই মেধা নিয়ে। এই মেধা নিয়েই সে মরবে। শুরু থেকেই আমি (তাকে নিয়ে) খুবই সন্তুষ্ট। প্রথম মৌসুমে লোকজন বলত আমি তাকে পছন্দ করতাম না। কিন্তু আমি সবসময়েই আনন্দিত ছিলাম। সত্যি বলতে কি আমি গ্যাব্রিয়েল (জেসুস) ও রাহিমকে খেলাই। আজ সে লড়েছে এবং দলের জন্য যা করা সম্ভব ছিল করেছে।’
