ময়মনসিংহে চিকিত্সককে মারধরের ঘটনায় যুবলীগ সভাপতি বহিষ্কার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ২১:৫০

ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সককে মারধরের ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনিরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম। তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশে মাহবুবুল আলম মনিরকে যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনার দিন ৬ জুলাই মাহবুবুল আলম মনিরকে আসামি করে ডা. এ এইচ এম সালেকিন বাদী হয়ে মামলা করেন। ঐদিন রাতেই যুবলীগ নেতা মাহবুবুল আলম মনিরকে (৩৫) গ্রেফতার করে পুলিশ। পরদিন আরো চার সহযোগী কামরুজ্জামান, জুয়েল, রানা দে ও শরীফকেও গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৬ জুলাই দুপুর ২টার দিকে মাহবুবুল আলমসহ ৮ থেকে ১০ জন মিলে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল কর্মকর্তা ডা. এ এইচ এম সালেকিন মামুনের কক্ষে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন ও বিভিন্ন হুমকি দেন। এরপর সবাই মিলে ঐ চিকিত্সককে মারধর করেন।