ওলে গুনার সোলসার দলের অন্তর্বর্তীকালীন কোচ হয়ে আসার পর ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল টানা আট ম্যাচ। বার্নলির বিপক্ষে আগের ম্যাচে ড্রয়ে বাধ্য হয়ে থেমেছিল সে জয়রথ। রবিবার লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে আবারও জয়ে ফিরেছে সোলসারের দল। নবম মিনিটে পল পগবার হাওয়ায় ভাসানো পাস থেকে দারুণ শটে লেস্টার গোলরক্ষককে পরাস্ত করে দলের একমাত্র গোলটি করেন মার্কাস র্যাশফোর্ড। সংবাদ সম্মেলনে পগবা-র্যাশফোর্ড রসায়ন সম্পর্কে সোলসার বলেন, ‘ভালো খেলোয়াড়রা একে অন্যকে ভালো করতে সহায়তা করেন। এমন গোলকে আমি দারুণ গুণসম্পন্নই বলব। কেননা যখন আপনার কাছে দারুণ গুণসম্পন্ন খেলোয়াড় থাকেন তখন আপনি এই মানের পারফর্মেন্স পাবেনই।’ দলের পারফর্মেন্স নিয়ে তিনি বলেন, ‘দারুণ শুরুর পর দ্বিতীয়ার্ধে আমরা পারফর্মেন্সের চেয়ে ফলাফলে বেশি মনোযোগী হয়ে পড়েছিলাম, খেলায়ও যার ছাপ পড়েছিল।’
