রামগতির মেঘনায় মাছ ধরার ট্রলারে ডাকাতি
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগতির মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চর গজারিয়ার অদূরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় জলদস্যুদের হামলায় পাঁচ জেলে আহত হন। জলদস্যুরা ডাকাতি করে যাওয়ার সময় মো. কাউছার ও মো. মাহবুব নামের দুই জেলেকে অপহরণ করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে দৌলতখাঁন উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি চর এলাকা থেকে অপহরণকৃত ঐ দুই জেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় জেলেরা। উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের মাঝি আক্তার হোসেন জানান, উপজেলা সদর আলেকজান্ডার সেন্টারখাল মাছঘাটের আমজাদ দালালের গদির ইঞ্জিনচালিত মাছ ধরার একটি ট্রলার ৯ জেলেকে নিয়ে চর গজারিয়ার অদূরে মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে অবস্থান করছিল। এ সময় দৌলতখাঁন উপজেলার চর খলিফা এলাকার চিহ্নিত জলদস্যু কালাম গ্রুপের ১০-১২ জন ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে তাদের ট্রলারে আক্রমণ করে। জলদস্যুরা জেলেদের মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে মাছ, সোলার ব্যাটারি, প্যানেল ও পাঁচটি মোবাইল ফোন নিয়ে যায়। একই সময় কাউছার ও মাহবুবকে অপহরণ করে নিয়ে যায়। রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।
করোনায় জনসচেতনতায় পুলিশের মহড়া
চাটমোহর (পাবনা) সংবাদদাতা দ্বিতীয় দফা কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার চাটমোহরে প্রশাসন ছিল কঠোর অবস্থানে। বিশেষ করে উপজেলার বাসিন্দাদের করোনা বিষয়ে সচেতন করতে ও সরকারি বিধিনিষেধ পালনের আহ্বান জানিয়ে থানাপুলিশ মহড়া দিয়েছে। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে স্থানীয় বাসস্ট্যান্ড হতে পুলিশ সদস্যরা মহড়া দিয়ে বিভিন্ন অঞ্চল ঘুরে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানান। মহড়ায় নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন ও থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে উপজেলা পরিষদ ও প্রশাসন অগ্নিকাণ্ড এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে বৃহস্পতিবার সহায়তা দিয়েছে। সহায়তার মধ্যে ছিল ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন ও প্রত্যেককে ৬ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে সুবিধাভোগীদের হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম।
সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ হাজার ১৯০ সমুদ্রগামী জেলের মধ্যে বৃহস্পতিবার ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিচে ৯টি ওয়ার্ডের সমুদ্রগামী জেলেদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।
ধুনটে খেজুরগাছের বীজ রোপণ
স্টাফ রিপোর্টার, বগুড়া একটি বেসরকারি সংগঠন বগুড়ার ধুনটে বৃহস্পতিবার সকালে ১ হাজার দেশি খেজুরগাছের বীজ রোপণ করেছে। স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বাধীনজীবন’-এর উদ্যোগে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর বাজারের দক্ষিণে তালতলার পাশের গ্রামীণ কাঁচা-পাকা রাস্তায় খেজুর গাছের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষাসামগ্রী প্রদান
দিনাজপুর অফিস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি নিজ অর্থায়নে চিকিত্সা ও সুরক্ষাসামগ্রী দিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. ফিরোজ্জামান কবির এসব চিকিত্সা ও সুরক্ষাসামগ্রী হস্তান্তর করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।
