বার্সাকে
লিওঁর
বার্তা
স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী পিএসজিকে ফরাসি লিগ ওয়ানে প্রথম হারের বিস্বাদ দিয়েছে অলিম্পিক লিওঁ। নেইমারের না থাকাকে এ পরাজয়ের জন্য দায়ী না করলেও পিএসজি কোচ আশা করলেন শীঘ্রই ব্রাজিল ফরোয়ার্ড ও মার্কো ভেরাত্তির অভাব পুষিয়ে নেবেন তারা।
পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজিকে ২-১ গোলে হারানোর পর লিওঁ সভাপতি জঁ মিকেল অলাস জানালেন এই ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি হবার প্রস্তুতিও সেরে নিয়েছে তার দল।
ডান পায়ের মেটাটারসাল হাড়ে চোটে পড়াটা অভ্যাস হয়ে দাড়িয়েছে নেইমারের। সেই একই হাড়ে আবারও চিড় ধরায় দুই মাসের জন্য ছিটকে গেছেন ব্রাজিল তারকা। তাকে ছাড়া প্রথম ম্যাচে রেনের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছিলো পিএসজি।
লিওঁর মাঠে লড়াইয়ের শুরুটাও ছিলো দারুণ। সপ্তম মিনিটে ডি মারিয়ার লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিলো তারা। তবে ৩৩ মিনিটে মুসা দেম্বেলের গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। ৪৯ মিনিটে নাবিল ফেকির গোলের খাতায় নাম লেখালে লিগে প্রথম পরাজয়ের বিস্বাদ নেয় পিএসজি।
পিএসজি কোচ থমাস টুখেলের মতে প্রথম গোলের পরে কিছুটা থিতিয়ে পড়েছিলো তার দল। তাই কাল হয়ে দাঁড়িয়েছিল। টুখেলের ভাষায়,‘প্রথম গোলের পরে আমরা বেশ নিষ্ক্রিয় হয়ে পড়েছিলাম। নির্ভুলতার অভাব ছিল আমাদের, আমরা বাজে সিদ্ধান্তও নিয়েছিলাম অনেক! লিওঁ খেলোয়াড়রা বেশ গুনসম্পন্ন ফুটবল খেলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের নৈপুণ্য বেশ ভালো লেগেছে আমার।’
পিএসজি কোচ এক প্রশ্নের জবাবে বলেন,‘আমি জানিনা আমরা নেইমারের শূন্যতা অনুভব করছি কিনা, তবে এটা পরিষ্কার যে আমাদের দ্বিতীয় একজন নেইমার কিংবা মার্কো ভেরাত্তি নেই। কিন্তু অন্য খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আত্মবিশ্বাস আছে।’
২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিওঁ। লিওঁ সভাপতি এই জয়কে দেখছেন সেই ম্যাচের প্রস্তুতি হিসেবেও। তিনি বলেন,‘দ্বিতীয় স্থানে থাকা লিলের কাছাকাছি যাওয়াটা আমাদের বেশ সন্তুষ্টি দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি এই মানেরই হতে যাচ্ছে, এই ম্যাচ দিয়ে তারও প্রস্তুতি সারলাম আমরা।’
তিনি আরও বলেন,‘আমাদের বল কেড়ে নেওয়ার প্রবণতায় কিছুটা বিচলিত হয়ে পড়েছিলো পিএসজি। বার্সেলোনার মানে পৌঁছানোর কথাও ভাবছি আমরা। এ সব কিছুই দারুণ। এ এক আনন্দের মুহূর্ত!’
