স্পোর্টস রিপোর্টার
মন্থর গতির ওভার রেটের কারণে এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। এর অর্থ হলো, আগামী নয় ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া সেন্ট লুসিয়া টেস্টে তাকে পাচ্ছে না ক্যারিবিয়ান দলটি। হোল্ডারের অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়াইট। ব্রেথওয়াইটের জন্য অধিনায়কত্ব অবশ্য নতুন কোনো ব্যাপার নয়। এর আগেও চার টেস্টে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়কত্ব করেছেন। সর্বশেষ বাংলাদেশ সফরে ইনজুরির কারণে অনুপস্থিত হোল্ডারের জায়গায় দুই টেস্টে এই ব্রেথওয়াইটই ছিলেন অধিনায়ক।
সদ্য শেষ হওয়া অ্যান্টিগা টেস্টের পর হোল্ডারের বিরুদ্ধে মন্থর গতির ওভার রেটের অভিযোগ ওঠে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো মন্থরগতির ওভার রেটের জন্য নিষিদ্ধ হলেন হোল্ডার। নিষেধাজ্ঞার কারণে গেল ২০১৭ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টে তার খেলা হয়নি।
