জোড়া ডাবল সেঞ্চুরির বিরল কীর্তি!

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেট মৌসুম শুরু হতে না হতেই হয়ে গেছে ১৪টি ডাবল সেঞ্চুরি। এবার সেই ডাবল সেঞ্চুরি করেই ৮১ বছর পুরনো এক রেকর্ডে ভাগ বসালেন অ্যাঞ্জেলো পেরেরা। তিনি একটি নয়, একই ম্যাচের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করে বসেছেন।

নন্ডেস্ক্রিপ্ট ক্রিকেট ক্লাবের এই অধিনায়ক সিংহলিজ স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রথম ইনিংসে ২০৩ বল খেলে করেন ২০১ রান। এরপর চারদিনের এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৬৮ বলে করেন ২৩১ রান। এরই মধ্য দিয়ে তিনি ১৩৬ বছর পুরনো একটি রেকর্ড ছুঁয়েছেন। ১৯৩৮ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের ব্যাটসম্যান আর্থার ফ্যাগ কোলস্টারের বিপক্ষে করেছিলেন ২৪৪ ও অপরাজিত ২০২ রান। যদিও, পি সারা ওভালের ম্যাচটা ড্র হয়েছে।

২৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের অবশ্য আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে গেছে। তিনি খেলেছেন চারটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি। যদিও, এখন অবধি আন্তর্জাতিক অঙ্গনে তার বলার মতো কোনো পারফরম্যান্স নেই। তবে, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে তিনি বড় পারফরমারদের একজন। আর এখন দারুণ ফর্মেও আছেন তিনি। এই নিয়ে টানা তিন ইনিংসে পেলেন সেঞ্চুরি। হয়ত জাতীয় দলেও আবার ডাক পেয়ে যাবেন।