সরকার নদী রক্ষায় বদ্ধপরিকর

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী। তিনি জানেন, দেশের সার্বিক উন্নয়ন করতে হলে নদ-নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাই সরকার একদিকে যেমন নদীর ভাঙন রোধে কাজ করে যাচ্ছে পাশাপাশি যে সকল নদী নাব্য হারিয়েছে সেসব নদীর নাব্য ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

সোমবার নাগরপুরে যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা ও ধলেশ্বরী নদীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

পানিসম্পদ উপ-মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই কিভাবে নদী ভাঙন রোধ করা যায় সে লক্ষ্যে কাজ করছে। নদী ভাঙন রোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়ার জন্য আমি বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছি। নাগরপুরের যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা উপজেলার সলিমাবাদ ইউনিয়নের পাইকশা, মাইঝাইলসহ সিরাজগঞ্জের চৌহালী উপজেলা ও সহবতপুর ইউনিয়নের নন্দপাড়ায় ধলেশ্বরী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার পরামর্শ দিয়ে উপ-মন্ত্রী বলেন, পরে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক এস এম শফিকুল হক, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।