উপজেলা পরিষদ নির্বাচন
স্টাফ রিপোর্টার দিনাজপুর
দিনাজপুরের ১৩টি উপজেলায় প্রার্থিতা নিয়ে সরব ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তেমন তত্পড়তা নেই বিএনপি বা অন্যদলগুলোর মধ্যে। ইতোমধ্যেই বেশিরভাগ উপজেলাতেই আওয়ামী লীগের প্রার্থীদের দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং প্রার্থিতা নির্ধারণে তৃণমূল পর্যায়ে ভোটও সম্পন্ন হয়েছে। ১৩টি উপজেলার মধ্যে পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকী উপজেলাগুলো থেকে একাধিক প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কেন্দ্রে।
নির্বাচন কমিশন ইতোমধ্যেই আগামী মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আভাস দিয়েছে। তবে এখনও নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়নি। আগামী মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে-এমন আভাসে ইতোমধ্যেই দিনাজপুরের ১৩টি উপজেলায় আওমামী লীগের প্রার্থিতা চূড়ান্তের কাজ শুরু করেছে আওয়ামী লীগ। আর এই ক্ষেত্রে আওয়ামী লীগের মধ্যে প্রার্থিতার হিড়িক পড়েছে। ইতোমধ্যেই দিনাজপুরের ১৩টি উপজেলার অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগের প্রার্থিতার জন্য আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে এবং কোনো কোনো উপজেলায় প্রার্থিতা চূড়ান্ত করেছে উপজেলা আওয়ামী লীগ। আবার কোনো কোনো উপজেলায় প্রার্থিতা চূড়ান্ত করতে না পেরে একাধিক প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কেন্দ্রে। কেন্দ্রীয় আওয়ামী লীগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করবেন।
দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে ৫টি উপজেলায় তৃণমূল ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে স্থানীয় আওয়ামী লীগ। এর মধ্যে বীরগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, ফুলবাড়ী উপজেলায় ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিল্টন, হাকিমপুর উপজেলায় হাকিমপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ হারুন, পার্বতীপুর উপজেলায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এবং ঘোড়াঘাট উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে শাহেন শাহকে চেয়ারম্যান পদে চূড়ান্ত করা হয়েছে তৃণমূল পর্যায়ের ভোটের মাধ্যমে।
বাকী আটটির মধ্যে সাতটি উপজেলায় একাধিক প্রার্থীর আবেদনপত্র সংগ্রহ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এসব উপজেলায় তৃণমূল ভোটের মাধ্যমে একাধিক প্রার্থীর নাম নির্ধারণ করে কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগই চূড়ান্ত করবে এসব উপজেলার দলীয় চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন প্রার্থীর নাম নির্ধারণ করা হয়েছে। এরা হচ্ছেন— কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, জেলা কৃষক লীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায় ও সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল করিম।
বিরল উপজেলায় উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে চারজন আবেদন করেছেন। এরা হচ্ছেন— বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায় ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মঙ্গলপুর ইউপি চেয়ারম্যান সেরাজুল ইসলাম।
বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৯ জন। এরা হচ্ছেন— বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, সহ-সভাপতি জাফরউল্লাহ, সদস্য অধ্যক্ষ আফসার আলী, ফয়জুল ইসলাম চৌধুরী বাবলু ও অশেষ কুমার রায়, ফুলবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, ২নং ইশানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুম সরকার ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু।
খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৯ জনের মধ্যে তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হচ্ছে। এরা হচ্ছেন— খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ এবং সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম।
চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন চারজন। এরা হচ্ছেন— উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, ১২নং আলোকডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক ও দিনাজপুর জেলা পরিষদের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার।
বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে তিনজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হবে। এরা হচ্ছেন— বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রাজু, বর্তমান উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলিপ কুমার কুন্ডু।
নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে। এরা হচ্ছেন— নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও সহ-সভাপতি আমীর হোসেন।
দিনাজপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত আবেদন করেছেন মোঃ ইমদাদ সরকার, ফয়সাল হাবিব সুমন, মোঃ আজগর আলী, জিয়াউর রহমান জিয়া, মোঃ আজিজার রহমান।
