সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সোমবার সৈয়দপুরে মোটর মালিক ও শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই হঠাত্ করে মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ঘণ্টাব্যাপী চলে এ অবরোধ।
মহাসড়কে ইজিবাইক (অটো) চলাচল বন্ধের দাবিতে নীলফামারী জেলা মোটর মালিক ও শ্রমিকরা সৈয়দপুর-রংপুর, সৈয়দপুর-দিনাজপুর, সৈয়দপুর-পার্বতীপুর ও সৈয়দপুর-নীলফামারী সড়কসহ শহরের ক্যান্টনমেন্ট রোড, শেরে বাংলা (সিনেমা) সড়ক, শহীদ ডা. জিকরুল হক রোড, বঙ্গবন্ধু (রংপুর) সড়ক ও তুলশীরাম (দিনাজপুর রোড) সড়কের বাস টার্মিনাল, ওয়াপদা মোড়, রাবেয়া মোড় ও শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড় সংলগ্ন ১নং রেলঘুমটিতে এলোপাতাড়ি পিকআপ ও ট্রাক দাঁড় করিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে। এতে মুহূর্তে পুরো সৈয়দপুর শহর অবরুদ্ধ হয়ে পড়ে। যোগাযোগ সম্পূর্ণরূপে থমকে যায়। পরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া শহরের ১নং রেলঘুমটিতে উপস্থিত হয়ে মোটর শ্রমিক ও মালিকদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আজ ৫ ফেব্রুয়ারি উপজেলা পরিষদে বসার আহ্বান জানান। এতে সম্মত হয়ে মোটর মালিক ও শ্রমিকরা তাত্ক্ষণিক অবরোধ তুলে নেয়।
