এক দিনে পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫৬.০৪ শতাংশ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বিএসএমএমসির করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় তিন রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তাদের মৃত্যু হয়।
হাসপাতালের আইসিইউতে ভর্তি রোগীর একাধিক স্বজন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে অক্সিজেন সরবরাহে সমস্যা সৃষ্টি হয়। এসময় রোগীর স্বজনেরা ছোটাছুটি করতে থাকেন। এসময় মাত্র ১০ মিনিটের মধ্যেই তিন জন রোগী মারা যান। মৃত ব্যক্তিরা হলো, ফরিদপুর সদরপুরের মো. রুবেল (৩৫), সালথার পারভিন জামান (৬৫) এবং নগরকান্দার আব্দুল ওহাব মুন্সি (৬০)। এ বিষয়ে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে রিফিল করার সময় সেখানে চাপ বাড়ে। এসময় সরবরাহকারিরা চাপ নিয়ন্ত্রণ করতে সরবরাহ কিছুটা কমিয়ে দেয়। এ কারণে ঐ সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এতে মুমূর্ষু কয়েক জন রোগী মারা যায়।
ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানও বলেন, হাসপাতালের সেন্ট্রাল প্ল্যান্টে অক্সিজেন রিফিল করার সময় সরবরাহের মাত্রা কমিয়ে দিতে হয়। সে কারণে কিছু রোগীর সমস্যা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষা হয়েছে, এ মধ্যে ২০৮টি পজিটিভ হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫৬.০৪ শতাংশ যা গত একমাসের মধ্যে বেশি। আর এই সময়ের মধ্যে মারা গেছে ১৪ ব্যক্তি। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচ এবং উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে।
