বাকসু চাই

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১১

দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষা ও গবেষণার সর্ববৃহত্ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গত ২০ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে মুক্ত রাজনীতি চর্চা ব্যাহত হচ্ছে। ছাত্র সংসদ না থাকায় ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের প্রভাব বেশি। ফলে শিক্ষার্থীদের আশা-প্রত্যাশা, বিভিন্ন দাবি ও অভিযোগ দেখার যেন কেউ নেই। ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের হলে আবাসন সমস্যা, আবাসিক হলে খাবারের অনুন্নত মান, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ এসব যেন প্রশাসনের চোখেই পড়ে না। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাত্সরিক বাজেট বণ্টনের সময় শিক্ষার্থীদের অংশগ্রহণ না থাকায় বরাদ্দকৃত বাজেটের সুষ্ঠু ব্যবহার সম্ভব হচ্ছে না। বাকসু নির্বাচনের পক্ষে প্রশাসন অবস্থান নিলেও আসলে নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। তাই বিশ্ববিদ্যায়ের ছাত্র সংসদের অচলাবস্থা কাটানোর জন্য অবিলম্ব্বে বাকসু নির্বাচন দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

 মো. ছিদ্দিকুর রহমান

শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ