শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর তদন্ত চেয়ে এফআইআর স্ত্রীর

আপডেট : ১০ জুলাই ২০২১, ০০:৩১

স্বামীর মৃত্যুর প্রায় আড়াই বছর পর বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এককালের দেহরক্ষীর স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। এ নিয়ে গত বুধবার রাতে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে সুপর্ণার সেই অভিযোগপত্রের প্রতিলিপিসহ একটি টুইট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অভিযোগপত্রে বেশ কিছু প্রশ্নে কার্যত শুভেন্দুর বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন সুপর্ণা। একই সঙ্গে তার স্বামীর ‘মৃত্যু রহস্যে’র প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিও করেছেন তিনি। তার এফআইআরের ভিত্তিতে এবার খুনের মামলা রুজু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সুপর্ণার স্বামী রাজ্য পুলিশের আর্মড ফোর্সের জওয়ান শুভব্রত চক্রবর্তী প্রায় ৬ থেকে ৭ বছর শুভেন্দুর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর কাঁথির পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হন শুভব্রত। পরদিন হাসপাতালে তিনি মারা যান।

এদিকে শুভেন্দু অধিকারী গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ। ওই ঘটনার আড়াই বছর পর কেন এই তত্পরতা, সে প্রশ্নও তুলেছেন। তিনি বলেন, এসব ভয় দেখিয়ে, পুলিশ দেখিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিন, নন্দীগ্রামে তাকে হারিয়েছি তাই কয়েক মাস জেলে যেতে হবে। সেই নির্দেশ আমি মেনে নেব। তিনি (মমতা) আমার চেয়ে বয়সে বড়, তাই বললাম।