মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের জন্য http://103.113.200.29/student_covidinfo/ লিংকে দেওয়া ফরম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে। গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি বিবেচনায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের তথ্যছক পূরণ নিশ্চিত করার লক্ষ্যে অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অনিশ্চয়তা দূর করার উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের এক জন পরিচালক জানিয়েছেন, শিক্ষার্থীদের তথ্য আমাদের কাছে থাকলেও কোন কলেজে কত শিক্ষার্থী হলে থাকছে, সে তথ্য নেই। সব মিলে শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই পরিচালক জানান, শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আড়াই হাজার কলেজে ৩০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।
