গোপালগঞ্জে ট্রাক চাপায় সোহানুর রহমান (২৪) নামে কর্তব্যরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় নাজমুল হোসেন সাব্বির (২৪) নামে অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই পুলিশ সদস্য কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য। তিনি নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার রাতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য সোহানুর রহমান ও সাব্বির মোটরসাইকেলে করে ডিউটিতে বের হন। রাত ১২ টার কিছু পরে তারা ক্যাম্পে ফিরে এসে ওয়াশ রুমে যান। পরে সেখান থেকে বের হয়ে মোটরসাইকেলে ওঠার সময় পেছন দিক দিয়ে সিলিন্ডার বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
উভয়ই মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাদের কাশিয়ানী ও পরে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক সোহানুর রহমানকে মৃত ঘোষনা করেন। আহত সাব্বির বর্তমানে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
ইত্তেফাক/টিএ
