ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
যার যেটুকু সামর্থ্য আছে তাই নিয়ে করোনায় ঘরবন্দি হয়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। শনিবার বিকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত করোনা মহামারি প্রতিরোধ শীর্ষক আলোচনাসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, করোনার মোকাবিলায় একমাত্র ওষুধ হচ্ছে লকডাউন। সরকার ঘোষিত লকডাউনে দিনমজুর বা মধ্যবিত্ত মানুষ বেশি বিপদে পড়েছেন। তাই করোনা যুদ্ধে সবাইকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। বিশ্বের মহাশক্তিধর দেশও আজ করোনার কাছে ধরাশায়ী। আমাদের মতো গরিব দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোবল এবং সময় উপযোগী সিদ্ধান্তের কারণেই আমরা এই যুদ্ধে টিকে আছি।
সভায় সম্মানিত অতিথি ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনায় দেশ আজ যে অবস্থায় পৌঁছেছে তাতে এখনই আমরা সচেতন না হলে আগামীতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই সবাইকে সরকারের বিধিনিষেধ মেনে চলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন মানুষ সরকারি বিধিনিষেধ মেনে চলবে। আইনকে শ্রদ্ধা করে সবাই ঘরে থাকুন এবং অসহায়দের পাশে মানবিক সাহায্য নিয়ে এগিয়ে আসুন। জেলা সিভিল সার্জন ডাক্তার ছিদ্দিকুর রহমান বলেন, করোনার পরিস্থিতি ফরিদপুর জেলায় মহামারির দিক ধাবিত হচ্ছে। সুতরাং সবাই ঘরে থাকুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব আহম্মেদ প্রমুখ।
আশ্রয়ন প্রকল্পে অনিয়মকারীদের
কঠোর শাস্তির আহ্বান
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পে অনিয়মকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি শনিবার সকালে তার নিজ বাস ভবন আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে স্থানীয় সংবাদকর্মীদের সাথে কথা বলার সময় এই আহ্বান জানান।
