হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামে মাদক ব্যবসাকে কেন্দ্র করে শাকিল হোসেন নামের এক যুবক খুন হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় রাসেল হাসান নামের আরেক যুবককে গ্রেফতার করেছে। নিহত শাকিল হোসেন ধরন্দা গ্রামের মৃত হুরু শেখের ছেলে। রাসেল হাসান একই গ্রামের আব্দুর রহিমের ছেলে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, শুক্রবার মধ্যরাতে ধরন্দা গ্রামে ভারত থেকে মাদক আনা-নেওয়াকে কেন্দ্র করে শাকিল ও রাসেলের মধ্যে চাকু মারামারির ঘটনা ঘটে। এতে শাকিল মারা গেছে। এ ঘটনায় পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে জড়িত রাসেলকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জড়িত থাকার কথা স্বীকার করায় দুপুরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
