উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ায় ত্রাণের চাল ক্রয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলী গ্রামের আব্দুল জলিল ও পন্ডিত পাড়া গ্রামের এরশাদুল হক প্রতিদিনের মতো জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণের চাল কিনছিলেন। এ সময় একই ইউনিয়নের নলবনিয়া গ্রামের শফিকের নেতৃত্বে একদল অস্ত্রধারী জামতলী রোহিঙ্গা ক্যাম্পে এসে আব্দুল জলিল ও এরশাদুল হকের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে পকেটে থাকা ৩২ হাজার টাকা লুট করে ক্ষান্ত না হয়ে ফের আব্দুল জলিলকে অস্ত্রের মুখে জিম্মি করে পালংখালী গয়ালমারা এলাকায় নিয়ে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পাশাপাশি মুক্তিপণ দাবি করে বলে জানান ভুক্তভোগী আব্দুল জলিল।
ভুক্তভোগী এরশাদুল হক জানান, আমাদের দুইজনকে মারধর করার পর সন্ধ্যা ৬টার দিকে ১৫/২০ জন লোক জামতলী স্টেশনে এসে দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে।
ক্ষতিগ্রস্ত গফুর উদ্দিন জানান, আমার গ্যাসের দোকান ও কুলিং কর্নার ভাঙচুর করার পাশাপাশি দোকানের ক্যাশে থাকা নগদ ৬০ হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, তদন্তপূর্বক হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
