সিলেট অফিস
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নবজাতক ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী শিশুদের হেলথ কার্ড চালু আমার নির্বাচনী ইশতেহারের অন্যতম শর্ত। তাই চলতি মাসের শেষের দিকে নগরীর সকল নবজাতক ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হেলথ কার্ড চালু করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন ও স্বাস্থ্যসম্মত একটি নগরী গড়ার লক্ষ্যে সফররত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিত্সক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মেয়র এসব কথা বলেন। রবিবার রাতে নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে মেয়র আরিফ সিসিকের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এ সময় সফরকারী দলের পক্ষ থেকে মাতৃভূমির জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
বৈঠকে মেয়র আরিফ সিলেটে বর্তমানে নবজাতকের স্বাস্থ্যের অবস্থা, চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামনের দিনগুলোতে নগরীর প্রতিটি ওয়ার্ডে কিভাবে নবজাতকের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়- এ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। সফররত বিশেষজ্ঞ চিকিত্সকরা এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী সিলেটের বিশেষজ্ঞ চিকিত্সক নিউইয়র্ক মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ইউরোলজি বিভাগ প্রফেসর ডা. সাদুজ্জামান চৌধুরী, নিউইয়র্ক জেপশন মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর জিয়া উদ্দিন আহমদ, ডক্টর এসোসিয়েশন ইউকের সাধারণ সমপাদক ডা. মোশারফ হোসেন সিলেট সিটি কর্পোরেশনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন ডক্টর এসোসিয়েশন ইউকের সভাপতি ডা. মোশাররফ হোসেন, লায়ন্স শিশু হাসপাতালের ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী, সিলেট কিডনি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
