ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে রবিবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও তার ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা নগদ তিন লাখ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামে যুবলীগ সভাপতি আনা মিয়া ও তার ভাই আরিজ মিয়ার বসতঘরে ডাকাতরা দুইটি দলে বিভক্ত হয়ে হানা দেয়।
যুবলীগ সভাপতি আনা মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে কালো পোশাক পরা ১৫-২০ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বসত ঘরের কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণ লুট করে। একই সময়ে আনা মিয়ার ভাই ও ভাতিজার ঘরে ডাকাত সদস্যরা হানা দিয়ে নগদ ২ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
আনা বলেন, ডাকাতদের ছোড়া গুলিতে আমি গুলিবিদ্ধ হই এবং তাদের হামলায় আমার ভাইসহ বাড়ির লোকজন আহত হন। রাতেই আমরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালে চিকিত্সা নিই।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আল মামুন বলেন, ডাকাতির ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাত সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
