ইত্তেফাক ডেস্ক
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রশ্নে তৃণমূল এবং বিজেপির অবস্থান বরাবরই একেবারে বিপরীত। তৃণমূল কংগ্রেস মনে করে, ভারতে বসবাসকারী ভোটদাতা, করদাতা, সম্পত্তির মালিক এবং তাদের পরিবারবর্গ সবাই নাগরিক। তাই রাজ্যে নতুন করে সংশোধিত নাগরিকত্ব আইন প্রয়োগের কোনো প্রয়োজন দেখেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রশ্নে বিজেপির সঙ্গে তাদের বিরোধ নির্বাচনি প্রচারেও গুরুত্ব পেয়েছে। এই অবস্থায় শুক্রবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য বিষয়টিতে নতুন মাত্রা যোগ করেছে। অশোকনগরে এক সভায় দিলীপ ঘোষ বলেছেন, মমতা ব্যানার্জি চাইলে সিএএ রাজ্যে তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে। না হলে কেন্দ্রীয় সরকারের যখন সুবিধা হবে, লকডাউন কেটে যাবে, তখন কার্যকর করা যাবে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের ধারণা, সিএএ চালু করার ক্ষেত্রে সামগ্রিকভাবে বড় বিরোধিতা হতে পারে, সেটা বুঝতে পেরেই দিলীপ ঘোষ এই সতর্ক অবস্থান নিয়েছেন।
এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক স্পষ্ট করে বলেছেন, রাজ্যে নাগরিকত্ব আইন কার্যকর করার প্রয়োজন নেই। আমরা তা করতে দেব না। আমাদের ভোটার কার্ড, আধার কার্ড আছে। আমরা ভোট দিই। আমরা সবাই নাগরিক। তাই নতুন করে নাগরিকত্ব নেওয়ার প্রশ্ন নেই।
