নির্মাণ সম্পন্ন হওয়ার দুই বছর পরও চালু হয়নি রংপুরের গঙ্গাচড়ায় নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি। ফলে অগ্নিনির্বাপণসহ জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। গঙ্গাচড়াস্থ শিহাব ফিলিং স্টেশনের মালিক সাহিদুজ্জামান সবুজ বলেন, সব সময় আতঙ্কে থাকি কখন কী হয়! জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিস স্টেশনটি চালু করা দরকার বলে জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীন ২০১৪ সালে ফায়ার সার্ভিস স্টেশনটি নির্মাণ কাজ শুরু করে রংপুরের গণপূর্ত বিভাগ। ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১০ লাখ টাকা। নির্মাণে ২ বছর সময় ধরা হয়। নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ২ বছর আগে। স্থানীয় লোকজন আরও জানান, গঙ্গাচড়া থেকে রংপুরের ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। সেখান থেকে গাড়ি আসতেই বাড়িঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস নির্মাণ সংশ্লিষ্ট ঠিকাদার খায়রুল কবির রানা বলেন, ফায়ার স্টেশনটি বুঝে না নেওয়ায় প্রতি মাসে চৌকিদারকে ৮ হাজার টাকা গচ্ছা দিতে হচ্ছে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, বারবার তাগিদ দেওয়ার পরও জনবল সংকটের কারণ দেখিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, রংপুর কর্তৃপক্ষ ভবন বুঝে নিচ্ছে না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, রংপুরের অতিরিক্ত পরিচালক ইউনুস আলী ইত্তেফাককে বলেন, জনবল সংকট ও কিছু সরঞ্জামাদি না থাকার কারণে ফায়ার স্টেশনটি চালু করা যাচ্ছে না। তবে অতি তাড়াতাড়ি চালু করা হবে বলে জানান তিনি।
