তিন পদেই মনোনয়ন দেবে আওয়ামী লীগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শুরুতে শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদেও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। অর্থাত্ চেয়ারম্যানের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও নৌকা প্রতীকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের শৃঙ্খলা ধরে রাখতে এ সিদ্ধান্ত  নেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি এবং আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ। আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই যৌথসভা অনুষ্ঠিত হবে।  পরদিন শনিবার একই সময় ও একই স্থানে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরেকটি সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৪ মার্চ ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনেই ১৮৭ নেতা আবেদনপত্র সংগ্রহ করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে চেয়ারম্যানের পাশাপাশি উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে-যা বাধ্যতামূলক।

গতকাল চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘উপজেলা চেয়ারম্যান পদে এমপিরা প্রভাব খাটিয়ে একক নাম পাঠাচ্ছেন, এমন অভিযোগ আসতে পারে। তবে নিয়ম ভঙ্গ করে এককভাবে যদি কোনও নাম বা তালিকা আসে, সেজন্য আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা কোনও সিদ্ধান্ত নেবো না।’

ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সিভি যাচাই-বাছাই করার জন্য কমিটি করে দিয়েছেন। বিষয়টি তিনি নিজেও দেখছেন। আমরা অনেক যাচাই-বাছাই করে মনোনয়ন দেব। তবে দলের দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা অগ্রাধিকার পাবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ মার্চ ১২ জেলার ৮৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার তারিখ ১১ ফেব্রুয়ারি, আর মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি।