শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে আওয়ামী লীগ সরকারের গত মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি চলতি অর্থবছরেই বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। গতকাল সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এই আহ্বান জানান। এ ব্যাপারে শিক্ষা ও অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মোহাম্মদ নাসিম বলেন, বিশাল বিজয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিসমূহ এখন বাস্তবায়নের সময় এসে গেছে। আমরা সবাই দেখেছি, নির্বাচনের আগে লাখ লাখ শিক্ষক এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করেছেন। তখন প্রধানমন্ত্রী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এমপিওভুক্তির জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক মাস আগে তালিকা পাঠানো হয়েছে। এমপিওভুক্তির জন্য তিন হাজার কোটি টাকার মতো লাগে। আগের অর্থমন্ত্রী বলেছেন চার হাজার কোটি টাকা লাগবে। নতুন অর্থমন্ত্রীকে অনুরোধ করবো- চলতি অর্থবছরেই এই অর্থ বরাদ্দ দিন। এই অর্থবছরেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। নইলে ওয়াদা ভঙ্গ করা হবে। মোহাম্মদ নাসিমের বক্তব্যের সময় অধিবেশনে উপস্থিত সরকারি ও বিরোধী দলের অধিকাংশ সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে তার বক্তব্যের সমর্থন জানান। পরে মোহাম্মদ নাসিমের বক্তব্যকে সমর্থন করে পয়েন্ট অব অর্ডারে জাসদ সভাপতি হাসানুল হক ইনু মোহাম্মদ নাসিমের বক্তব্যের সমর্থনে কথা বলেন।
