ছয় প্রতারক গ্রেফতার
ইত্তেফাক রিপোর্ট
সাভারে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে এবং জাল জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে বাড়ি ও জমি দখল চেষ্টার অভিযোগে ছয় প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লার টিয়াবাড়ি ও রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য স্ট্যাম্প, সাইনবোর্ড, লোহার কাটার, লোহার রড, বিভিন্ন ব্যাংকের ডেবিট কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক সাভার মডেল থানায় মামলা করেছেন। গতকাল দুপুরে পুলিশ গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেফতারকৃতরা হলো—প্রতারক চক্রের প্রধান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী মো. রাকিউল ইসলাম, নুর উদ্দিন ওমর, মো. ইসরাফিল, রাজু ইসলাম, মো. মনিন ও হাসান মেহেদী।
