ঘিওরে অবৈধ মাটি কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৩

মানিকগঞ্জ ঘিওরে পাউবোর মালিকানাধীন জায়গা দখল করে কৃষি জমির মাটি ভেকু ও ড্রেজার দিয়ে কেটে বিভিন্ন জায়গা ভরাট ও ইট ভাটায় বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিন যন্ত্রাংশসহ জব্দ করে। উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের তারাইল ও নয়াচর এলাকায় কয়েক মাস ধরে ভেকু ও  ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। গত রবিবার দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫ এর পাতায় ‘ঘিওরে পাউবোর জায়গা দখল করে মাটি কেটে ইটভাটায় বিক্রি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর সেখানে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, দুদক, ঢাকার উপ-সহকারি পরিচালক আবুল কালাম আজাদ, সহকারি পরিচালক মাহবুবুল আলম, জেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক মোঃ সাঈদ আনোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা ,ইউপি সদস্য আইয়ুব আলী প্রমুখ।