শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে এক বাড়ির পালিত ছয় কুকুরছানাকে প্রকাশ্যে গলা কেটে মারার পর ওই বাসার সবাইকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত ৩১ জানুয়ারি উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের গৃহবধূ আলেয়া বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার দুইদিন পর গত রবিবার বিকেলে এ ব্যাপারে আলেয়া বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। কুকুরছানাদের চোখের সামনে গলা কেটে মেরে তাদেরকে একইভাবে হত্যার হুমকি দেওয়ায় ওই পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।
থানায় দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, নোয়াখালী জেলার মৃত বাহাদুর খাদেমের স্ত্রী আলেয়া বেগম স্বামী মারা যাওয়ার পর ওই গ্রামে জমি ক্রয় করে বসবাস করে আসছেন। স্বামী না থাকার সুযোগে একই এলাকার আরিফ (২৮) ও হাতেম আলীর পুত্র হাশেম (৫০) আলেয়া বেগমকে উচ্ছেদ করে ওই জমি জবরদখলের চেষ্টা করে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে দুর্বৃত্তরা আলেয়া বেগমের জমি দখল করতে না পেরে তার মেয়ে খাদিজাকে বেধড়ক পিটিয়ে আহত করে ও তাদের পালিত ছয়টি কুকুরছানাকে এক এক করে প্রকাশ্যে গলা কেটে মেরে দরজার সামনে ফেলে রাখে এবং তাদেরকেও একইভাবে হত্যার হুমকি দেয়। মাওনা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য সুরুজ্জামান জানান, কিছু দুষ্কৃতকারী ওই বিধবা মহিলার জমি দখলের চেষ্টা করছে বলে আমাকে জানালে আমি ওই মহিলাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল জলিল জানান, কোনো পশুর সাথে নির্দয় ও নিষ্ঠুর আচরণ করলে তার বিরুদ্ধে ১৯৮২ সালের এনিম্যাল ক্রুয়েলটি আইনে শাস্তির ব্যবস্থা রয়েছে।
