ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে অপহরণ চেষ্টার মামলায় চার আসামিকে জামিন দেয়নি হাইকোর্ট। একইসঙ্গে ৪৮ ঘন্টার মধ্যে নিম্ন আদালতে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেয়।
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণের চেষ্টা করে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েল। গত ২ জানুয়ারি দোয়ানী তিস্তা ব্যারেজ এলাকা থেকে অপহরণের চেষ্টার ঘটনায় শিক্ষার্থীর মা মাসুদা আক্তার হাতিবান্ধা থানায় মামলা দায়ের করেন। ওই মামলার আসামি জুয়েল, মোঃ ওমর ফারুক ওরফে মানিক, মোঃ রানা ও মোঃ ফেরদৌস হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান।
আসামি পক্ষে হাসানুজ্জামান উজ্জ্বল ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ শুনানি করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, এ মামলায় জামিন মঞ্জুর করা হবে না। আপনার মক্কেলদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলুন। যদি আত্মসমর্পণ না করেন তাহলে আমরা পুলিশ ডেকে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেব। তখন ওই আইনজীবী বলেন, আমার মক্কেলরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করবে। এরপরই হাইকোর্ট ৪৮ ঘন্টার মধ্যে আসামিদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জামিন আবেদন খারিজ করে দেয়।
