সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরেক জনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২১, ২১:২৭

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ পাঁচ জনের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় দগ্ধ দেলোয়ার হোসেনের (৫৬) মৃত্যু হয়। তিন দিন আগে হেলাল উদ্দিন নামের অপর একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল আলম সোহেল। মৃত দেলোয়ার হোসেন সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড উত্তর চরপাড়ার মৃত আলী আহমদের ছেলে। এর আগে দগ্ধ হেলাল উদ্দিন একই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান।

উল্লেখ্য, সাতকানিয়ার উত্তর চরপাড়া এলাকায় সৈয়দ আহমদের বাড়িতে গত ৮ জুলাই রাতে গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ জন দগ্ধ হন।