সিলেট অফিস
সিলেট নগরীর জল্লারপাড়, কালিঘাট, ধোপাদীঘিরপার এলাকার রাস্তা প্রশস্তকরণ কাজ, ছড়া, খাল, নালা ও ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। গত শুক্রবার দিনব্যাপী এসব এলাকার কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র আরিফ। তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম এই নগরে বাস করবে। তাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ও পরিকল্পিত নগরী গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। তাই আমাদের এই নগরকে একটি সুন্দর পরিচ্ছন্ন আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এ সময় তার সঙ্গে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
