কানাডায় শিশুদের আরও ১৬০টি অচিহ্নিত কবরের সন্ধান

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০০:১৪

কানাডায় আবারও শিশুদের অচিহ্নিত কবর খুঁজে পাওয়া গেছে। পশ্চিম কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি আবাসিক বিদ্যালয়ের মালিকানাধীন এলাকায় ১৬০টিরও বেশি শিশুর কবরের সন্ধান মিলেছে। সোমবার (১২ জুলাই) এ তথ্য জানিয়েছে কানাডিয়ান সম্প্রচার কর্পোরেশন (সিবিসি)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।

ব্রিটিশ কলম্বিয়ার দক্ষিণ উপসাগরীয় দ্বীপপুঞ্জের কুপার দ্বীপে আদিবাসী পেনেলাকুট উপজাতিরা জানিয়েছে, কুপার দ্বীপের পুরনো একটি আবাসিক বিদ্যালয়ের সাইটে অননুমোদিত এবং চিহ্নহীন কবর পাওয়া গেছে।

কানাডার পরিত্যক্ত স্কুল থেকে ২১৫ শিশুর দেহাবশেষ উদ্ধার

প্রতিবেদনে বলা হয়, নতুন আবিষ্কৃত কবর সম্পর্কে তথ্য তখনই প্রকাশ্যে এসেছে যখন উপজাতিটি অনলাইনে পোস্ট করা একটি নিউজলেটারে আবিষ্কারের বিষয়ে প্রতিবেশী ফার্স্ট নেশন আদিবাসী সম্প্রদায়গুলোকে জানায়।

কবরগুলো সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বৈঠকের জন্য অনুরোধ করা হলো উপজাতিটি সাড়া দেয়নি। জানিয়েছে সিবিসি।

সরকারি তথ্যানুসারে, স্কুলটি ১৮৯০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পরিচালিত হয়েছিল।

এর আগে গত মে মাসে একই প্রদেশের কমলুপসে ২১৫টি কবরের সন্ধান পাওয়া যায়। পরে জুন মাসে সাসকাচোয়ানে আরও ৭৫১টি কবর পাওয়া যায়।

ইত্তেফাক/টিএ