দীর্ঘদিন পর তপন চৌধুরীর নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘খেলাঘর’। কেউ আগে, কেউ পরে/ যেতে হবে ওপারে/ বিধাতা লিখে রাখে/ একটা জনম- এমন দারুণ কিছু কথায় গানটি লিখেছেন তানভীর তারেক।
গানটির গল্প নিয়ে এর থিম অনুযায়ী অসাধারণ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আল মাসুদ। এ গানটিতে প্রধান মডেল হিসেবে অভিনয়ে করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ।

গানটি প্রসঙ্গে শিল্পী তপন চৌধুরী বলেন, ‘তানভীরের কথা ও সুরে গান করবো এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবারে গানটি হয়ে দাঁড়ালো। আমি যেকোনো গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির লিরিকটি মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’
গানটি প্রসঙ্গে প্রকাশক ধ্রুব গুহ বলেন, ‘ডিএমএস সবসময় সৃজনশীলতাকে শ্রদ্ধা করে এসেছে। তাই সেদিক দিয়ে কিছু কাজ আত্মার খোরাক ও সংস্কৃতির প্রতি দায়বোধ থেকেও করে থাকি আমরা। তপন চৌধুরী আধুনিক বাংলা গানের এক মুগ্ধতার নাম। তানভীর ভাই অসাধারণ একটি কাজ করেছেন। শ্রোতাদের জন্য এটি বিশেষ উপহার হবে বলে আমি মনে করি।’
‘খেলাঘর’ শিরোনামের এই গানটি ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউবে অবমুক্ত করা হবে। সেই সাথে শুনতে পাওয়া যাবে দেশী বিদেশী বিভিন্ন অ্যাপএ।
ইত্তেফাক/বিএএফ
