ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে ১৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর এই ইনিংসেই নড়চড় করে দিয়েছেন রেকর্ডবুক। উল্লেখযোগ্য কিছু রেকর্ড দেখে আসা যাক।
* ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নিয়েছেন বাবর আজম। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ১৪টি সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মাত্র ৮১ ম্যাচে এই রেকর্ড গড়লেন।
এর আগে রেকর্ডটি ছিল প্রোটিয়া তারকা হাশিম আমলার দখলে। তিনি খেলেছিলেন ৮৪টি ম্যাচ। এক্ষেত্রে তৃতীয় দ্রুততম অজি তারকা ডেভিড ওয়ার্নার। তার লেগেছিল ৯৮টি ম্যাচ। আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ১৪টি সেঞ্চুরি করতে খেলেছেন ১০৩টি ম্যাচ।

* প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসেবে ১৫০+ রানের ইনিংস খেললেন বাবর আজম। এর আগে এই রেকর্ডটি ছিল সাবেক অধিনায়ক শোয়েব মালিকের। ২০০৮ সালে ভারতের বিপক্ষে ১২৫ রান করেছিলেন তিনি। বাবর তাকে ছাড়ালেন।
* অধিনায়ক হিসেবে বাবর আজমের এটি ৩য় সেঞ্চুরি। পাকিস্তানের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি আছে কেবল আর একজনের, তিনি আজহার আলী।
* ইংল্যান্ডের বিপক্ষে এর আগে ১৫০+ রান করতে পারেননি বিশ্বের আর কোনো অধিনায়ক। দেশটির বিপক্ষে অধিনায়ক হিসেবে আগে সর্বোচ্চ রান ছিল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের ১৪১ রান।
* ইংল্যান্ডের বিপক্ষে কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ব্রিস্টলে ইমাম উল হক করেছিলেন ১৫২ রান।
* মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ৩য় উইকেটে ১৭৯ রান যোগ করেছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের এটি সর্বোচ্চ জুটি।
ইত্তেফাক/এএএন/টিএ
