লোকালয়ে মিললো বিশালাকৃতির অজগর

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৩:৪৬

লোকালয় থেকে পাওয়া গেছে ১০ হাত লম্বা একটি অজগর সাপ। মঙ্গলবার (১৩ জুলাই) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী তারতাপাড়া সকাল বাজার গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানে ঘের দেওয়া জালে ধরা পড়ে সাপটি। সাপটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে মাদারগঞ্জ থানার পুলিশ।

স্থানীয়রা জানান, সম্ভবত ওই বাগানে ঢোকার সময় জালে জড়িয়ে পড়ে সাপটি। বিশাল আকৃতির এই সাপের নড়াচড়া লোকজনের চোখে পড়লে এলাকায় হৈচৈ পড়ে যায়। সাপটি লম্বায় ১০ হাত। বিশালাকৃতির এই অজগর সাপটিকে দেখতে ভিড় জমায় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাপটিকে উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, সাপটিকে কেউ যেন মেরে ফেলতে না পারে, সেই জন্য ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠাই। পরে উদ্ধারকৃত সাপটি শেরপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

ইত্তেফাক/বিএএফ