১ হাজার কোটিতেও তাকে ছাড়বে না য়্যুভেন্তাস!

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০২:৫৩

ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছেন ইতালিয়ান উইঙ্গার ফেডেরিকো কিয়েসা। নিজের দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি আসরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনিও। আসর শেষ হতে না হতেই তার দিকে হাত বাড়িয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। তবে সবার প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছে তার বর্তমান ক্লাব য়্যুভেন্তাস। আর্থিক সংকটের দিনেও বেশ বড় বড় প্রস্তাব ফিরিয়ে দিচ্ছে ইতালিয়ান জায়ান্টরা। কিয়েসাকে ‘আনটাচেবল’ ঘোষণা করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

করোনা পরবর্তী পৃথিবীতে বেশ বড়সড় সংকটে আছে সবগুলো জায়ান্ট ক্লাবই। আর্থিক সংকটে পড়ে অনেক ক্লাবই তাদের সেরা খেলোয়াড়দেরকে ছেড়ে দিচ্ছে। চাহিদা থাকা সত্ত্বেও দলবদলের মৌসুমে অনেক ক্লাবই তাদের পছন্দের ফুটবলারকে দলে ভেড়াতে পারছে না। এ অবস্থায়ও নিজেদের অবস্থানে অটল থাকছে য়্যুভেন্তাস। 

কিয়েসার ফর্ম আর তার বয়স বিবেচনায় তাকে ক্লাবটি কোনভাবেই বিক্রি করতে চায় না। মাত্র ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এরইমধ্যে ১০০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে ইংলিশ ক্লাব চেলসি। বাংলাদেশি অংকে যেটি ১ হাজার কোটি টাকারও বেশি। তবে এই অংকেও তাকে ছাড়তে রাজি নয় য়্যুভেন্তাস। 

কেবল চেলসিই নয়, কিয়েসাকে দলে পেতে চেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। তবে তাদের প্রস্তাবেও সাড়া দেয়নি য়্যুভেন্তাস।

কিয়েসাকে গেল মৌসুমে ফিওরেন্তিনা থেকে ধারে নিয়ে আসে য়্যুভেন্তাস। এই মৌসুমেও তাকে ধরে রাখতে আরো ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি তুরিনের ক্লাবটি। 

ইত্তেফাক/এএএন