ঈদে চমক নিয়ে আসছেন

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৪৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

রুকাইয়া জাহান চমক, অভিনয়ে এসেই যেন একটু একটু করে আলোচনায় চলে এসেছেন। আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও নতুন করে আলোচনায় এসেছেন তিনি। এই কাজটি যেন তার অভিনয়ের স্বীকৃতিও বলা চলে। চমক চলে এসেছেন নির্মাতাদের সুদৃষ্টিতেও। যে কারণে আগামী ঈদটি তার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘নিপুষিত’ নাটকে  চমক কাজ করার সুযোগ পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে। এই নাটকে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও মুনিরা মিঠু। তাই কাজটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি।  এরইমধ্যে চমক মানিকগঞ্জে ‘মধুচক্র’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন হাসিব আহমেদ। এতে চমক তারিন জাহানের মেয়ের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। চমকের ভাষ্যমতে, তারিনের সঙ্গে অভিনয় করা এটা তার জন্য অনেক বড়প্রাপ্তি । এছাড়াও এরইমধ্যে চমক সাদেক সাব্বিরের পরিচালনায় ‘জীবনের প্রয়োজনে’ এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি নাটকের কাজ শেষ করেছেন। দুটিতেই তার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক। সম্প্রতি সম্পন্ন করেছেন সহীদ উন নবীর পরিচালনায় ‘ইস্কপনের টেক্কা’ নাটকের কাজ। এবারের ঈদে কাজ করা প্রসঙ্গে চমক বলেন, ‘মহানগর প্রচারের পর থেকে দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার কাজও আলহামদুলিল্লাহ বেড়ে গেছে। এরইমধ্যে প্রিয় তারিন আপু এবং তাহসান ভাইয়ের সঙ্গে দুটো ভিন্ন কাজ করেছি। এই দুটি কাজকে ঘিরে ভীষণ ভালোলাগা কাজ করছে। তারিন আপু আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, এটা আমার জন্য আশীর্বাদ।’