টেকনাফে ৪৬২ ক্যান বিয়ার জব্দ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২১:২৭

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে মঙ্গলবার গভীর রাতে কোস্ট গার্ড জওয়ানরা অভিযান চালিয়ে ৪৬২ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে। বাংলাদেশ কোস্ট গার্ড (মিডিয়া কর্মকর্তা) লে. কমান্ডার বি এন আমিরুল হক জানান, স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় অভিযানে যায়। এ সময় ঐ এলাকায় দুই-তিন জন লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড জওয়ানরা থামার সংকেত দিলে তারা ঝাউবনের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় ৪৬২ ক্যান আন্দামান গোল্ড ও জাষ্টাস বিয়ার জব্দ করা হয়। জব্দ বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিতাসে ১৯১ ক্যান বিয়ারসহ গ্রেফতার ১

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা জানান, তিতাসে মঙ্গলবার গভীর রাতে ১৯১ ক্যান বিয়ারসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার দড়িকান্দি গ্রামের শাহিদের বসতঘরে তল্লাশি চালিয়ে ক্যানগুলো জব্দ করা হয়। এ সময় ঘরে থাকা শাহিদকে গ্রেফতার করতে পারলেও তার সঙ্গে থাকা রাহাত পালিয়ে যায়। বুধবার দুপুরে মাদক আইনে শাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, সে দীর্ঘদিন যাবত্ গোপনে এ ব্যবসা চালিয়ে আসছিল। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া রাহাতকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।