প্রধানমন্ত্রীর প্রণোদনা নিয়ে স্বজনপ্রীতি সহ্য করা হবে না :কাদের

আপডেট : ১৪ জুলাই ২০২১, ২২:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রণোদনা প্রদানে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রদানে যেন স্বজনপ্রীতি না হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। ওবায়দুল কাদের গতকাল বুধবার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তা, গ্রামীণ কর্ম-সৃজন, পর্যটন খাত এবং পরিবহন শ্রমিক ও খেটে খাওয়া মানুষের জন্য ৩২০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এক্ষেত্রে সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্তরা যাতে তালিকাভুক্ত হয় সেদিকে সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। লকডাউন শিথিল করা বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমানোর পাশাপাশি খেটে খাওয়া মানুষের আর্থিক নিরাপত্তা এবং ঈদকে ঘিরে অর্থনীতির প্রবাহ গতিশীল রাখতে সরকারের এই উদ্যোগ। তিনি বলেন, মনে রাখতে হবে সাময়িক বিধিনিষেধ শিথিলের সুযোগ নিয়ে আমরা যেন গড্ডালিকা প্রবাহে গা না ভাসাই। এ পরিস্থিতিতে নিজেকেই হতে হবে নিজের রক্ষক। নিজের উদাসীনতা এবং অপরিণাম দর্শিতায় উত্সবের যাত্রা যেন জীবনের শেষ যাত্রায় রূপ না নেয়।

সারা দেশে শর্ত সাপেক্ষে গণপরিবহন চলবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ইতিপূর্বের সমন্বয় করা ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। আশা করি পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো স্বাস্থ্যবিধিসহ সব শর্ত মেনে যানবাহন পরিচালনা করবেন। শর্ত অমান্যকারী এবং অতিরিক্ত ভাড়া আদায়কারী পরিবহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় বিএনপি শুধু বক্তৃতা-বিবৃতিবাজি করে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ঘটনার ছয় দিন পরে রূপগঞ্জে গিয়ে নানান কথার ফুলঝুরি ছড়াচ্ছে। এসব বিএনপির চিরাচরিত অপরাজনীতিরই ধারাবাহিকতা। তিনি বলেন, সবকিছু নিয়ে অতি-রাজনীতি করতে গিয়ে বিএনপি জনগণের কাছে দিন দিন অপাঙেক্তয় হয়ে যাচ্ছে।