কালীগঞ্জে যুবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৭:২৬

গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনের বিরোধের জেরে এনামুল (২২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

এদিকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক। নিহতের এনামুল উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যে নারগানা এলাকায়, সে আব্দুল বাতেনের ছেলে।

ওসি জানান, গত ২০১৬ সালের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট এক বিরোধের জের ধরে মঙ্গলবার (১৩ জুলাই) রাতে এনামুলকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে প্রতিপক্ষের লোকজন। এনামুল মারাত্মকভাবে আহত হলে মুমূর্ষ অবস্থায় ঢাকায় নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে নয়টায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।

ওসি আরও জানান, বুধবার (১৪ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাননি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত যথাযথ ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

ইউপি নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান খাঁন ফারুক মাস্টার বলেন, এনামুল নৌকার পক্ষে আমার কর্মী ছিল। আমার নির্বাচনী এজেন্ট থাকার কথা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা তাকে হত্যার হুমকি দিয়েছিল। পরে ভয়ে এনামুল নির্বাচনী এজেন্ট হয়নি।

তবে জামালপুর ইউনিয়ন পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান খাইরুল আলম বলেন, এনামুলের উপর হামলার ঘটনায় জড়িতরা কেউ আমার লোক বা সমর্থক নয়। তারা সকলেই দুষ্কৃতিকারী। তাদের সকলকে গ্রেফতার দাবি জানান তিনি।

ইত্তেফাক/এমএএম