ভাবছে খোকা ঈদের খুশি
রাখবে এবার বাকশো ভরে লুকিয়ে,
সারা বছর কষ্টে যাদের
মুখখানা যায় দুঃখ ব্যথায় শুকিয়ে।
বাকশো খুলেই মুঠো মুঠো
খুশি দেবে তাদের গায়ে ছিটিয়ে,
খুশিরা সব কষ্টগুলো
তাড়িয়ে দেবে আচ্ছা করে পিটিয়ে।
দুঃখ এবং কষ্টরা সব
কাঁদবে তখন দু হাত তুলে আকাশে,
খুশির পাখি উড়বে তখন
সবার মনে ছড়িয়ে খুশির পাখা সে।
এমনি কত কল্পনাতে
খোকার ঠোঁটে ঈদের হাসি ফোটেরে,
মনটা করে কেমন কেমন
প্রতি ঈদের চাঁদটা যখন ওঠেরে।
