শেষ নাই

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:১০

উদ্বেগের শেষ নাই।

 

কখন কাকে হারিয়ে ফেলি

উদ্বেগ বসে থাকে, কাক ডাকে

ভিতরে বাহিরে।

 

মৃত্যুকে শুভেচ্ছা জানাবো এমন নির্বোধ নই,

তবু ভয়ে ভয়ে দিন যায়। থাকি ভয়ে ভয়ে।

             শুধু বৈকালিক ভ্রমণে বের হলে শুনি,

             কার যেন ক্রন্দন।

             একজন গতরাতে হারিয়েছে পথ

             ফিরবে না কোনোদিন।

 

তখুনি বিষণ্ন হয়ে যায় বৈকালিক ভ্রমণ,

পায়ে পায়ে ফিরে আসি

তার বাড়ির উঠোন দিয়ে।

           পড়শিদের একজন জানিয়ে যায়

           সনজীদা

           হারিয়ে গিয়েছে তোমাকে খুঁজতে গিয়ে

 

উদ্বেগ ঘিরে ধরে আমাকে, আমার দু’ হাত।

মুহূর্তেই স্থির করি,

হেঁটে যাবো আঁধারের দুই হাত ধরে

যদি পাই তাকে, জানাবো তাহাকে

 

উদ্বেগ নেই, আমি আছি তোমার দক্ষিণে